কাওছার হোসেন: ঝিনাইদহ থেকে কাঁচা সবজি নিয়ে খুলনার চুকনগরের উদ্দেশ্যে যাওয়ার পথে যশোরের কেশবপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক আলমসাধুর চালক নিহত হয়েছেন। নিহত যুবকের নাম জীবন অধিকারী (২৫)। তিনি ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু উপজেলার ঘোড়দাহ গ্রামের অমর অধিকারীর ছেলে।
সোমবার (১২ জানুয়ারি) ভোর আনুমানিক ৫টার দিকে কেশবপুর উপজেলার বাদুড়িয়া মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, তিনটি আলমসাধুতে করে কাঁচা সবজি বোঝাই করে তারা রাতে যাত্রা শুরু করেন। পথিমধ্যে একটি আলমসাধুর তেল শেষ হয়ে গেলে সেটি রাস্তার পাশে দাঁড় করানো হয়। এ সময় রাস্তা পার হওয়ার মুহূর্তে ঢাকা-টু-পাইকগাছা রুটে চলাচলকারী একটি দ্রুতগতির পরিবহন আলমসাধু চালকদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
এতে ঘটনাস্থলেই জীবন অধিকারীর মৃত্যু হয়। এছাড়া আরও তিনজন চালক গুরুতর আহত হন। আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহতের মরদেহও একই হাসপাতালে রাখা রয়েছে।
কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বোরহান উদ্দীন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ই-পেন চেম্বারঃ আলতাফ টাওয়ার (৩য় তলা), ১নং বয়রা ক্রস রোড, সোনাডাঙ্গা, খুলনা।
ই-মেইলঃ news@dailyjonoshruti.com, editor@dailyjonoshruti.com
মোবাইলঃ +৮৮-০১৬১৪-৪৯৪৪৪৫, +৮৮-০১৬১৪-৪৯৪৪৪৬
© ২০২২–২০২৫ দৈনিক জনশ্রুতি। সর্বস্বত্ব সংরক্ষিত। "দৈনিক জনশ্রুতি: আমাতুল্লাহ মার্ট-এর ভাবনাপ্রবাহে নির্মিত।"