স্টাফ রিপোর্টার: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশে নতুন করে ইসলামপন্থী রাজনীতির পুনর্বিন্যাস ঘটতে চলেছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাইরে চারটি ইসলামি দল একত্রিত হয়ে নতুন জোট গঠনের সিদ্ধান্ত নিয়েছে।
রাজধানীর পুরানা পল্টনে শুক্রবার (২৫ জুলাই) বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক বিশেষ মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। এতে অংশ নেন বাংলাদেশ খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের শীর্ষ নেতৃবৃন্দ।
সভা-পরবর্তী এক যৌথ বিবৃতিতে বলা হয়, ইসলামপন্থীদের মধ্যে শক্তিশালী ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে অবস্থান গ্রহণ ও মৌলিক সংস্কারের প্রয়োজনে দলগুলো একমত হয়েছে বলেও জানানো হয়।
সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, নেজামে ইসলাম পার্টির সহসভাপতি মাওলানা আবদুল মাজেদ আতহারী, মহাসচিব মাওলানা মুসা বিন ইজহার, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, অধ্যাপক মাহবুবুর রহমান ও যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।
বৈঠকে বক্তারা বলেন, দেশের ইসলামি আদর্শভিত্তিক রাজনীতি আজ সংকটময় সময় পার করছে। এ পরিস্থিতিতে জামায়াতকে বাদ দিয়ে একটি গ্রহণযোগ্য ও সমন্বিত ইসলামি প্ল্যাটফর্ম গড়ে তোলার আহ্বান জানানো হয়।
নতুন এ রাজনৈতিক উদ্যোগকে ঘিরে ইতোমধ্যে রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আগামী নির্বাচনে এই ইসলামি জোট কতটা প্রভাব ফেলতে পারে, তা নিয়ে শুরু হয়েছে আলোচনা।
ই-পেন চেম্বারঃ আলতাফ টাওয়ার (৩য় তলা), ১নং বয়রা ক্রস রোড, সোনাডাঙ্গা, খুলনা।
ই-মেইলঃ news@dailyjonoshruti.com, editor@dailyjonoshruti.com
মোবাইলঃ +৮৮-০১৬১৪-৪৯৪৪৪৫, +৮৮-০১৬১৪-৪৯৪৪৪৬
© ২০২২–২০২৫ দৈনিক জনশ্রুতি। সর্বস্বত্ব সংরক্ষিত। "দৈনিক জনশ্রুতি: আমাতুল্লাহ মার্ট-এর ভাবনাপ্রবাহে নির্মিত।"