কাওছার হোসেন, দৈনিক জনশ্রুতিঃ বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৬ উপলক্ষে যশোরের কেশবপুর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বিশেষ আলোচনা সভা, শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানের মাঝে সম্মাননা প্রদান, কিশোর-কিশোরী সমাবেশ, স্যানিটারি ন্যাপকিন বিতরণ এবং বিশেষ স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করা হয়।
উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে অনুষ্ঠিত বিশেষ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব কাজী মো. মেশকাতুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব মো. রেহনেওয়াজ, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি, স্থানীয় সাংবাদিকবৃন্দ এবং উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সকল কর্মকর্তা-কর্মচারী।
আলোচনা সভায় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (অ: দা:) ও মেডিক্যাল অফিসার (এমসি-এইচ-এফপি) ডা: গোলাম মোক্তাদীরসহ অন্যান্য বক্তারা, 'টেকসই উন্নয়ন নিশ্চিত করতে জনসংখ্যা, প্রজনন স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা এবং মাতৃ ও শিশুস্বাস্থ্যের উন্নয়নে সকলকে সচেতন হতে হবে। পরিবার পরিকল্পনা কার্যক্রমকে আরও বেগবান করতে সরকারি সেবার পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণের বিষয়টি নিয়ে গুরুত্বারোপ করেন।'
অনুষ্ঠান শেষে উপজেলা পর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় শ্রেষ্ঠ কর্মী ও শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়।
এছাড়া দিবসটি উপলক্ষে কেশবপুর উপজেলার বুড়িহাটি মহিলা দাখিল মাদ্রাসায় কিশোর-কিশোরী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে কৈশোরকালীন স্বাস্থ্য, পুষ্টি, ব্যক্তিগত পরিচ্ছন্নতা এবং মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক আলোচনা করা হয়। পরে ৪৮ জন কিশোরীর মাঝে বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়।
বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে উপজেলার সকল পরিবার পরিকল্পনা সেবাকেন্দ্র বিশেষভাবে সজ্জিত করা হয়। একই সঙ্গে দিনব্যাপী আগত সেবাগ্রহীতাদের জন্য পরিবার পরিকল্পনা, মা ও শিশুস্বাস্থ্য এবং প্রজনন স্বাস্থ্য বিষয়ক বিশেষ সেবা প্রদান করা হয়।
উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় জানায়, জনসচেতনতা বৃদ্ধি এবং মানসম্মত পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ ধরনের কর্মসূচি ধারাবাহিকভাবে পরিচালিত হচ্ছে।
ই-পেন চেম্বারঃ আলতাফ টাওয়ার (৩য় তলা), ১নং বয়রা ক্রস রোড, সোনাডাঙ্গা, খুলনা।
ই-মেইলঃ news@dailyjonoshruti.com, editor@dailyjonoshruti.com
মোবাইলঃ +৮৮-০১৬১৪-৪৯৪৪৪৫, +৮৮-০১৬১৪-৪৯৪৪৪৬
© ২০২২–২০২৫ দৈনিক জনশ্রুতি। সর্বস্বত্ব সংরক্ষিত। "দৈনিক জনশ্রুতি: আমাতুল্লাহ মার্ট-এর ভাবনাপ্রবাহে নির্মিত।"