দৈনিক জনশ্রুতি ডেস্ক: দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় আজ (রোববার) থেকে সারাদেশে চিরুনি অভিযানের ঘোষণা দিয়েছে সরকার। রাজধানীর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১১তম সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এ ঘোষণা দেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, “খুন, চুরি, ডাকাতি, চাঁদাবাজি, ছিনতাই, সন্ত্রাস, অপহরণ, নারী নির্যাতন, মব সহিংসতা এবং মাদক চোরাচালানসহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করছে। তবে বর্তমান পরিস্থিতি বিবেচনায় এবার বিশেষভাবে চিহ্নিত অপরাধী ও সন্ত্রাসীদের ধরতে শুরু হচ্ছে সারাদেশব্যাপী চিরুনি অভিযান।”
তিনি আরও বলেন, “সরকার জনশৃঙ্খলা ও জননিরাপত্তা বিঘ্নকারী যেকোনো কার্যক্রম কঠোর হস্তে দমন করতে প্রস্তুত। এ লক্ষ্যে সাধারণ জনগণ, সুশীল সমাজ এবং স্থানীয় প্রশাসনের সমন্বিত সহযোগিতা প্রয়োজন।”
চিরুনি অভিযানে প্রতিটি এলাকা বিশেষ নজরদারিতে রাখা হবে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সন্দেহভাজন ব্যক্তি ও অবস্থান চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে বলেও জানিয়েছেন উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
এই অভিযান দেশের প্রতিটি বিভাগ, জেলা ও থানাভিত্তিক এলাকায় একযোগে পরিচালিত হবে বলে জানা গেছে।
ই-পেন চেম্বারঃ আলতাফ টাওয়ার (৩য় তলা), ১নং বয়রা ক্রস রোড, সোনাডাঙ্গা, খুলনা।
ই-মেইলঃ news@dailyjonoshruti.com, editor@dailyjonoshruti.com
মোবাইলঃ +৮৮-০১৬১৪-৪৯৪৪৪৫, +৮৮-০১৬১৪-৪৯৪৪৪৬
© ২০২২–২০২৫ দৈনিক জনশ্রুতি। সর্বস্বত্ব সংরক্ষিত। "দৈনিক জনশ্রুতি: আমাতুল্লাহ মার্ট-এর ভাবনাপ্রবাহে নির্মিত।"