মেহরাব রহমান, খুলনা প্রতিনিধি: খুলনার দৌলতপুর থানার মহেশ্বরপাশা এলাকায় আল আমিন (২৭) নামে এক ঘের ব্যবসায়ীকে গলা কেটে নির্মমভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (৩ জুলাই) রাত আনুমানিক ৯টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আল আমিন মহেশ্বরপাশা উত্তর বণিক পাড়া খানাবাড়ির সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় একদল দুর্বৃত্ত তার ওপর অতর্কিত হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যার পর মরদেহটি রাস্তায় ফেলে পালিয়ে যায় তারা।
আল আমিন মহেশ্বরপাশা দিঘীর পূর্বপাড় এলাকার বাসিন্দা এবং পেশায় একজন মৎস্য ঘের ব্যবসায়ী ছিলেন। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ঘটনার পরপরই দৌলতপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) জাহিদুল ইসলাম হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।
তবে এখনো পর্যন্ত হত্যার কারণ জানা যায়নি এবং জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। পুলিশ এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে এবং দোষীদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চালাচ্ছে।
ই-পেন চেম্বারঃ আলতাফ টাওয়ার (৩য় তলা), ১নং বয়রা ক্রস রোড, সোনাডাঙ্গা, খুলনা।
ই-মেইলঃ news@dailyjonoshruti.com, editor@dailyjonoshruti.com
মোবাইলঃ +৮৮-০১৬১৪-৪৯৪৪৪৫, +৮৮-০১৬১৪-৪৯৪৪৪৬
© ২০২২–২০২৫ দৈনিক জনশ্রুতি। সর্বস্বত্ব সংরক্ষিত। "দৈনিক জনশ্রুতি: আমাতুল্লাহ মার্ট-এর ভাবনাপ্রবাহে নির্মিত।"