কামাল হোসেন, মালদ্বীপ, ২৪ অক্টোবর ২০২৫ঃ মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মোঃ নাজমুল ইসলাম মালদ্বীপের সিটিজ, লোকাল গভর্নমেন্ট অ্যান্ড পাবলিক ওয়ার্কস মন্ত্রী আদম শরীফ উমার এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সাক্ষাৎকালে উভয়পক্ষ স্থানীয় সরকার, বিকেন্দ্রীকরণ ব্যবস্থা ও জনখাত উন্নয়ন বিষয়ে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার উপায় নিয়ে বিস্তারিত মতবিনিময় করেন।
মন্ত্রী আদম শরীফ উমার বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “বাংলাদেশ মালদ্বীপের এক নির্ভরযোগ্য উন্নয়ন সহযোগী দেশ।” তিনি দুই বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যে প্রাতিষ্ঠানিক সহযোগিতা আরও গভীর করার আগ্রহ প্রকাশ করেন।
তিনি মালদ্বীপ সরকারের বিকেন্দ্রীকৃত প্রশাসনিক কাঠামো শক্তিশালী করা ও দ্বীপ কাউন্সিলগুলোর ক্ষমতায়ন বিষয়ে সরকারের অঙ্গীকার তুলে ধরেন এবং বাংলাদেশের সম্প্রদায়ভিত্তিক উন্নয়ন, ক্ষুদ্রঋণ ও মাইক্রোফাইন্যান্স কর্মসূচি থেকে শিক্ষা নিতে আগ্রহ প্রকাশ করেন।
মন্ত্রী আরও বলেন, বাংলাদেশের উন্নয়ন মডেল মালদ্বীপের স্থানীয় পর্যায়ের ক্ষমতায়ন ও টেকসই প্রবৃদ্ধির ক্ষেত্রে একটি অনুকরণীয় উদাহরণ।
এসময় তিনি মালদ্বীপে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের অবদানের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, “বাংলাদেশি শ্রমিক ও পেশাজীবীরা মালদ্বীপের অবকাঠামো, উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রযাত্রায় অসামান্য ভূমিকা রাখছেন।”
প্রত্যুত্তরে, হাইকমিশনার ড. মোঃ নাজমুল ইসলাম মালদ্বীপ সরকারের প্রতি বাংলাদেশের নাগরিকদের জন্য প্রদত্ত সহযোগিতা ও সদয় মনোভাবের জন্য ধন্যবাদ জানান।
তিনি বাংলাদেশের কারিগরি সহায়তা, অভিজ্ঞতা বিনিময় ও দক্ষ জনশক্তি উন্নয়ন-এর ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন, বিশেষ করে স্থানীয় সরকার ব্যবস্থাপনা ও মানবসম্পদ উন্নয়নে সক্ষমতা বৃদ্ধি নিয়ে একসাথে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন।
উভয়পক্ষ নিকট ভবিষ্যতে দুই দেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের বিষয়ে ঐকমত্যে পৌঁছায়, যাতে সহযোগিতা আরও প্রাতিষ্ঠানিক ও টেকসই হয়।
সাক্ষাৎটি বাংলাদেশ ও মালদ্বীপের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর করা, পারস্পরিক শিক্ষা বিনিময় এবং টেকসই উন্নয়নের যৌথ লক্ষ্য অর্জনের প্রতিশ্রুতি পুনর্নিশ্চিত করে সফলভাবে সম্পন্ন হয়।
ই-পেন চেম্বারঃ আলতাফ টাওয়ার (৩য় তলা), ১নং বয়রা ক্রস রোড, সোনাডাঙ্গা, খুলনা।
ই-মেইলঃ news@dailyjonoshruti.com, editor@dailyjonoshruti.com
মোবাইলঃ +৮৮-০১৬১৪-৪৯৪৪৪৫, +৮৮-০১৬১৪-৪৯৪৪৪৬
© ২০২২–২০২৫ দৈনিক জনশ্রুতি। সর্বস্বত্ব সংরক্ষিত। "দৈনিক জনশ্রুতি: আমাতুল্লাহ মার্ট-এর ভাবনাপ্রবাহে নির্মিত।"