কাওছার হোসেন, দৈনিক জনশ্রুতিঃ যশোরের কেশবপুর উপজেলায় থানা পুলিশের পৃথক অভিযানে এক নারীসহ মোট ১১ জন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (৩ জুন) গভীর রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকসানা খাতুনের সার্বিক তত্ত্বাবধানে থানা পুলিশের একাধিক টিম উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। অভিযানে আদালতের পরোয়ানাভুক্ত সাতজন আসামিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— ভোগতি-নরেন্দ্রপুর এলাকার মিজানুর রহমান (৪৩), মাগুরাডাঙ্গা গ্রামের বেল্লাল হোসেন (৩১), বড়পাথরা এলাকার তুহিন মোল্লা, ছোটপাথরা গ্রামের শরিফুল ইসলাম (৪৬), কমলাপুর গ্রামের সাদ্দাম হোসেন (৩৩), বাগদা গ্রামের জামাল হোসেন (৩৩) এবং বিদ্যানন্দকাটি গ্রামের রিনা বেগম (৪৩)।
এদিকে, চিংড়া পুলিশ ক্যাম্পের পৃথক অভিযানে আরও চারজন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়। তারা হলেন— মেহেরপুর গ্রামের লিয়াকত মোল্লা (৫০), রুহুল কুদ্দুস (৪০), মোকলেছুর রহমান (২৮) এবং সিহাব মোল্লা (১৮)।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে বিভিন্ন মামলায় আদালতের জারি করা পরোয়ানার ভিত্তিতে তাদের বিরুদ্ধে গ্রেফতারি অভিযান চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকসানা খাতুন বিষয়টি নিশ্চিত করে জানান, আদালতের ওয়ারেন্টভুক্ত এক নারীসহ ১১ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন শেষে বৃহস্পতিবার সকালে তাদের যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশের দাবি, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং আদালতের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।