কাওছার হোসেন, দৈনিক জনশ্রুতিঃ যশোরের কেশবপুরে সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী মূল্যে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ‘ট্রাস্ট হেলথ সেন্টার’ নামে নতুন একটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু হয়েছে।
রোববার বিকেলে কেশবপুর উপজেলা সড়কে অবস্থিত সমাধান প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ট্রাস্ট হেলথ সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাধানের নির্বাহী পরিচালক রেজাউল করিম। অনুষ্ঠানে স্বাস্থ্যসেবাকে সাধারণ মানুষের আরও সহজলভ্য ও সাশ্রয়ী করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়।
আয়োজকরা জানান, এলাকার সাধারণ ও নিম্নআয়ের মানুষের কথা বিবেচনায় রেখে তুলনামূলক কম খরচে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা দেওয়ার লক্ষ্যেই এই স্বাস্থ্যকেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছে। স্থানীয় পর্যায়ে স্বাস্থ্যসেবার সুযোগ বাড়ানোর পাশাপাশি মানুষের চিকিৎসা ব্যয় কমাতেও প্রতিষ্ঠানটি ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।

কেশবপুরে স্বাস্থ্যসেবার পরিধি আরও বিস্তৃত করতে ট্রাস্ট হেলথ সেন্টারের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।