মেহরাব রহমান, খুলনা: খুলনা মহানগরীর বড় মির্জাপুর এলাকায় অবস্থিত রহমান ছাতা কোম্পানির একটি বহুতল ভবনের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) গভীর রাতে এ অগ্নিকাণ্ডে পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক ২টার দিকে গোডাউন থেকে ধোঁয়া ও আগুনের শিখা বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পুরো ভবনে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের খুলনা সদর স্টেশনসহ আশপাশের স্টেশন থেকে মোট ৮টি ইউনিট ঘটনাস্থলে ছুটে আসে। টানা আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় তারা।
খুলনা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক (অপারেশন) মো. মাহফুজুর রহমান জানান, ভবনটিতে প্রচুর দাহ্য পদার্থ মজুদ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। দ্রুত পদক্ষেপ না নিলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও ভয়াবহ হতে পারতো।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে কোটি টাকার ওপরে ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে।
ঘটনার পর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করার কথা জানানো হয়েছে। কমিটির রিপোর্টের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এদিকে অগ্নিকাণ্ডের সময় ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ মোতায়েন করা হয়।