মেহরাব রহমান, খুলনা প্রতিনিধি: জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস ও কার্যক্রম সংক্রান্ত চুক্তি বাতিলের দাবিতে খুলনায় স্মারকলিপি প্রদান করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর খুলনা জেলা ও মহানগর শাখা। বৃহস্পতিবার দুপুর ১২টায় খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের খুলনা মহানগর শাখার আহ্বায়ক মাওলানা নাসির উদ্দিন কাসেমী (দা.বা.)। তিনি একইসঙ্গে সভায় সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর সদস্য সচিব মুফতী জাকির হুসাইন, জেলা সভাপতি মুফতী ইউসুফ আজাদী, জেলা সাধারণ সম্পাদক মুফতি জিয়াউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মুফতী হাবিবুর রহমান এবং অর্থ সম্পাদক মাওলানা সালমান।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওলানা নাজমুল হাসান, গাজী শফিকুল ইসলাম, মুজাহিদুল ইসলাম সোহাগ, মাওলানা তবিবুর রহমান, মাওলানা উমর ফারুক, হাফেজ হিজবুল্লাহ, জোবায়ের আহমাদ, শাকরান জামিল, আরিফুল ইসলাম, হুজাইফা, ইয়াকুবসহ খুলনার জেলা ও থানার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
স্মারকলিপি প্রদান শেষে এক প্রেস ব্রিফিং-এ বক্তব্য রাখেন মাওলানা নাসির উদ্দিন কাসেমী ও মুফতী জাকির হুসাইন। বক্তারা বলেন, “জাতিসংঘের মানবাধিকার কমিশন নামে দেশে যে অনধিকার চর্চা চলছে, তা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পরিপন্থী। এ ধরনের চুক্তি বাতিল না হলে জাতি ভবিষ্যতে মারাত্মক সংকটে পড়বে।”
অনুষ্ঠানজুড়ে ছিল প্রাণবন্ত উপস্থিতি ও উৎসবমুখর পরিবেশ। অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে নিজেদের দাবি উপস্থাপন করেন এবং দেশ ও জাতির স্বার্থে প্রশাসনের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।