মেহরাম রহমান, খুলনা বিভাগীয় প্রতিনিধি: পুলিশি সেবাকে আরও সহজ, দ্রুত ও জনবান্ধব করতে খুলনা বিভাগের ১০ জেলার ৬৪টি থানায় একযোগে অনলাইন সাধারণ ডায়েরি (জিডি) কার্যক্রম চালু হচ্ছে রবিবার রাত ১২টার পর থেকে। বাংলাদেশ পুলিশের ডিজিটাল সেবা সম্প্রসারণ পরিকল্পনার অংশ হিসেবে এই গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এই কার্যক্রমের আওতায় খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, ঝিনাইদহ, নড়াইল, মাগুরা, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার সকল থানায় সাধারণ জনগণ এখন থানায় না গিয়েও ঘরে বসে অনলাইনে জিডি করতে পারবে। এতদিন শুধুমাত্র হারানো ও প্রাপ্তিসংক্রান্ত বিষয়ের জিডি করা গেলেও, এখন থেকে হুমকি, পারিবারিক বিরোধ, প্রতারণা, দুর্ঘটনাসহ সকল ধরনের সাধারণ ডায়েরি করা যাবে অনলাইনে।
কিভাবে করা যাবে অনলাইন জিডি:
জিডি এন্ট্রি করার পর, সংশ্লিষ্ট থানার দায়িত্বপ্রাপ্ত তদন্ত কর্মকর্তার নাম ও মোবাইল নম্বর সেবাগ্রহীতার ফোনে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এছাড়াও, আবেদনকৃত জিডির বর্তমান অবস্থা যেমন: ড্রাফট, তদন্তাধীন বা নিষ্পত্তি—সবকিছুই অনলাইনে দেখা যাবে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এই উদ্যোগের ফলে থানায় যাওয়ার ভীতি ও হয়রানি দূর হবে। সময় ও খরচ সাশ্রয়ের পাশাপাশি জনগণের কাছে পুলিশের সেবার গ্রহণযোগ্যতাও বাড়বে।
বিশেষ করে দূর অঞ্চলের মানুষ, কর্মজীবী নারী, বয়স্ক ও শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের জন্য এটি হবে একটি যুগান্তকারী সুবিধা।
পুলিশ হেডকোয়ার্টার্স সূত্রে জানা গেছে, ধাপে ধাপে দেশের সব থানায় এই অনলাইন জিডি সেবা চালু করা হবে।