মেহরাব রহমান, খুলনা বিভাগীয় প্রতিনিধি: খুলনায় মাদকবিরোধী অভিযানে ৩০ পিস ইয়াবাসহ মো. রাজীব আহমেদ (২৮) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানটি বৃহস্পতিবার রাতে খালিশপুর থানাধীন মুজগুন্নী আবাসিক এলাকার বাইতুস সালাম জামে মসজিদের গেটসংলগ্ন আউটার বাইপাস রোডে চালানো হয়।
গ্রেপ্তারকৃত রাজীব আহমেদ উত্তর কাশিপুর এলাকার স্থায়ী বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে খুলনা মহানগর এলাকায় ইয়াবা কেনাবেচার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। পুলিশ সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে পূর্বেও একটি মাদক মামলা রয়েছে।
ঘটনার পর ডিবি পুলিশ তাকে খালিশপুর থানায় হস্তান্তর করে এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।
পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী এই অভিযান খুলনা শহরকে মাদকমুক্ত রাখতে তাদের চলমান প্রচেষ্টারই অংশ। তারা নগরবাসীর সহযোগিতা কামনা করেছেন এবং এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান।