কামাল হোসেন, মালদ্বীপ প্রতিনিধি: মালদ্বীপে অবস্থানরত আনডকুমেন্টেড (অবৈধ) বাংলাদেশি প্রবাসীদের জন্য বৈধ হওয়ার একটি বিশেষ সুযোগ প্রদান করেছে বাংলাদেশ হাই কমিশন, মালদ্বীপ। এই সুযোগটি “ম্যাস লিগালাইজেশন প্রোগ্রাম” এর আওতায় বাস্তবায়ন করা হবে।
হাই কমিশন সূত্রে জানা যায়, ১ জানুয়ারি ২০২৬ থেকে ২ এপ্রিল ২০২৬ পর্যন্ত এই ম্যাস লিগালাইজেশন প্রোগ্রাম কার্যকর থাকবে।
প্রোগ্রামের আওতায় বৈধ হওয়ার শর্তাবলি:
১. যেসব আনডকুমেন্টেড কর্মীর বৈধ ওয়ার্ক পারমিট নেই।
২. যেসব আনডকুমেন্টেড কর্মী কোনো অপরাধের কারণে ব্ল্যাকলিস্টেড নন।
৩. বর্তমানে মালদ্বীপে অবস্থানরত আনডকুমেন্টেড কর্মীরা এই সুযোগ পাবেন।
৪. যে কর্মীরা কোনো কোম্পানি বা নিয়োগকর্তার অধীনে পূর্বে ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করেছেন, তারা এই প্রোগ্রামের আওতায় বৈধ হওয়ার সুযোগ পাবেন না।
৫. এই সুবিধার আওতায় একবারই বৈধ হওয়ার সুযোগ দেওয়া হবে।
৬. ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখের আগে যেসব ব্যক্তি Missing Report হয়েছেন, তারাও বৈধ হওয়ার সুযোগ পাবেন।
৭. বৈধকরণের জন্য সংশ্লিষ্ট কর্মীর বর্তমান নিয়োগকর্তা বা কোম্পানিকে Expat System এর মাধ্যমে মালদ্বীপ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আবেদন দাখিল করতে হবে। এ বিষয়ে নিয়োগকর্তাদের জন্য শিগগিরই মন্ত্রণালয় থেকে একটি ইউজার গাইডলাইন প্রকাশ করা হবে।
৮. যেসব আনডকুমেন্টেড কর্মী ইতোমধ্যে অপারেশন কুরাসি (Operation Kurangi) এর আওতায় বায়োমেট্রিক তথ্য দিয়েছেন এবং বর্তমানে কোনো নিয়োগকর্তা বা কোম্পানির অধীনে নেই, তারা কাজের মাধ্যমে বৈধ হওয়ার জন্য Homeland Security and Technology Ministry কর্তৃক প্রদত্ত নির্দিষ্ট অনলাইন ফর্ম পূরণ করতে পারবেন।
👉 ফর্ম লিংক: https://forms.office.com/r/b4CP5SLiAK
মন্ত্রণালয় পরবর্তীতে বিভিন্ন নিয়োগকর্তা বা কোম্পানির শ্রমিক চাহিদা অনুযায়ী আবেদনকারীদের তথ্য সরবরাহ করবে এবং প্রয়োজন অনুযায়ী তাদের কাজে নিয়োগ দেওয়া হবে।
বাংলাদেশ হাই কমিশন, মালদ্বীপ প্রবাসীদের এই সুযোগটি যথাযথভাবে কাজে লাগানোর আহ্বান জানিয়েছে।