মেহরাব রহমান: যশোর সদর উপজেলার সুজলপুর গ্রামে পারিবারিক কলহের জেরে বড় ভাইয়ের কোপে ছোট বোন নিহত হয়েছেন। বুধবার (২৩ জুলাই) বেলা ১১টার পর এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত গৃহবধূর নাম শারমিন (২৮)। তিনি একই গ্রামের শিমুল হোসেনের স্ত্রী। অভিযুক্ত বড় ভাই খোকন মোল্লা, স্থানীয় কাশেম মোল্লার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শারমিন ও খোকনের পরিবার একই বাড়িতে, সাহারুল ইসলামের বাড়িতে ভাড়া থাকতেন। দীর্ঘদিন ধরে পারিবারিক নানা বিষয় নিয়ে দুই পরিবারের মধ্যে দ্বন্দ্ব চলছিল। ঘটনার দিন সকালে খোকনের কিশোরী মেয়েকে শারমিনের স্বামী শিমুল হোসেন চড় মারেন। এতে ক্ষিপ্ত হয়ে খোকন উত্তেজিত অবস্থায় শিমুলের ওপর হামলা করতে এগিয়ে যান। এ সময় খোকনের হাতে থাকা ধারালো হাঁসুয়ার কোপ লক্ষ্য করে শিমুলকে মারার চেষ্টা করলে, শারমিন বাধা দিতে গিয়ে নিজেই সেই কোপে গুরুতর আহত হন।
স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় শারমিনকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঘটনার পর অভিযুক্ত খোকন মোল্লা পলাতক রয়েছেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত সম্পন্ন করেছে।
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসনাত জানান, “ঘটনাটি পারিবারিক কলহ থেকে সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অভিযুক্ত খোকনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।”
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং শোকের ছায়া নেমে এসেছে পুরো গ্রামে। বিষয়টি নিয়ে থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।