কাওছার হোসেন: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোরের কেশবপুর উপজেলায় ভোটারদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে উপজেলা নির্বাচন অফিস। একটি পৌরসভা ও ১১টি ইউনিয়ন নিয়ে গঠিত এই উপজেলায় মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ২৬ হাজার ৪২৩ জন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, তালিকাভুক্ত ভোটারদের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ১৩ হাজার ১৩৪ জন, নারী ভোটার ১ লাখ ১৩ হাজার ২৮৭ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ২ জন। পরিসংখ্যান অনুযায়ী, কেশবপুর উপজেলায় পুরুষ ভোটারের তুলনায় নারী ভোটারের সংখ্যা সামান্য বেশি।
নির্বাচন পরিচালনার জন্য পুরো উপজেলায় মোট ৮১টি ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে। এতে প্রতি ভোটকেন্দ্রে গড়ে প্রায় ২ হাজার ৭৯৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
নির্বাচন সংশ্লিষ্টরা জানিয়েছেন, ভোটগ্রহণকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে সব ধরনের প্রশাসনিক ও নিরাপত্তামূলক প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। ভোটাররা যেন নির্বিঘ্নে কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন—সে বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।