কাওছার হোসেন: যশোর শহরের যশোর আইটি পার্ক-এ অবস্থিত অনলাইন গ্রোসারি প্রতিষ্ঠান চালডাল ডটকম-এর কর্মীদের বকেয়া বেতন পরিশোধের দাবিতে আন্দোলন তীব্র আকার ধারণ করেছে। সোমবার সকাল থেকে কর্মীরা অফিস প্রাঙ্গণে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
কর্মীদের অভিযোগ, প্রায় চার মাস ধরে অন্তত ছয় শতাধিক কর্মী বেতন পাননি। রোববার রাত থেকে নাইট শিফটের কর্মীরা অফিসের ১২ তলায় অবস্থান নেন। পরদিন সকাল থেকে ইভনিং শিফটের কর্মীরাও আন্দোলনে যোগ দেন। দীর্ঘ সময় অপেক্ষা করেও ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাউকে আলোচনায় না পাওয়ায় কর্মীদের মধ্যে ক্ষোভ বাড়তে থাকে।
সোমবার সকালে অবস্থান কর্মসূচি চলাকালে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এতে শাকিল (২১) নামে এক কর্মী আহত হন। পরে তাকে চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল-এ ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, তার অবস্থা বর্তমানে আশঙ্কামুক্ত।
আন্দোলনরত কর্মীরা অভিযোগ করেন, সরাসরি আলোচনায় না এসে কিছু লোকের মাধ্যমে ভয়ভীতি প্রদর্শন ও চাপ সৃষ্টি করা হচ্ছে। এদিকে হঠাৎ সাধারণ ছুটির নোটিস টাঙিয়ে দেওয়ায় কর্মীদের মধ্যে অনিশ্চয়তা ও উত্তেজনা আরও বৃদ্ধি পায়।
আন্দোলনকারীদের ভাষ্য, “ন্যায্য বেতন চাইতেই আমাদের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে। দীর্ঘদিন ধরে বেতন না পেয়ে পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছি। দ্রুত বকেয়া বেতন পরিশোধ এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।”
প্রতিষ্ঠানের উপ-পরিচালক আজিজুর রহমান জিকো জানান, ডিসেম্বর মাসের বেতন ইতোমধ্যে পরিশোধ করা হয়েছে। কোম্পানির তহবিলে সাময়িক সমস্যার কথা উল্লেখ করে তিনি বলেন, দ্রুত পরিস্থিতির সমাধান করে বকেয়া বেতন পরিশোধের উদ্যোগ নেওয়া হচ্ছে।
ঘটনাকে কেন্দ্র করে আইটি পার্ক এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নজরদারি জোরদার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।