কাওছার হোসেন: যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়ী ইউনিয়নের চিংড়া বাজারে এক মেকানিকের দোকান থেকে একটি সন্দেহজনক মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য হাবিবুর রহমান মোল্লা নামের এক ব্যক্তিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, চিংড়া বাজারে ফতেপুর গ্রামের বাসিন্দা হাবিবুর রহমান মোল্লার মেকানিকের দোকানে থাকা একটি মোটরসাইকেলের মালিকানা সংক্রান্ত সঠিক কাগজপত্র প্রদর্শন করা সম্ভব হয়নি। এ কারণে চিংড়া পুলিশ ক্যাম্পের সদস্যরা সেটি জব্দ করেন।
এসআই শামীম হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে মোটরসাইকেলটি উদ্ধার করা হয় এবং একই সঙ্গে দোকানের মালিককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।
পুলিশ সূত্রে আরও জানা গেছে, আটক হাবিবুর রহমান মোল্লার বিরুদ্ধে পূর্বে মোটরসাইকেল চুরির একটি মামলা রয়েছে। জব্দকৃত মোটরসাইকেলের প্রকৃত মালিকানা যাচাইসহ বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।