কাওছার হোসেন, কেশবপুরঃ যশোরের কেশবপুর উপজেলায় বেসরকারি স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা সমাধান-এর আয়োজনে শাখা ব্যবস্থাপকদের জন্য দুইদিনব্যাপী ব্যবস্থাপনা ও নেতৃত্ব উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
৩ ও ৪ মে উপজেলা সড়কে অবস্থিত সংস্থার নিজস্ব কার্যালয় “সমাধান ভবন”-এর হলরুমে এ প্রশিক্ষণ আয়োজন করা হয়। সংস্থার প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং মাঠপর্যায়ের কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়।
প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন সংস্থার নির্বাহী পরিচালক রেজাউল করিম। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, একটি উন্নয়ন সংস্থার কার্যক্রমকে সফল ও টেকসই করতে দক্ষ, দায়িত্বশীল এবং দূরদর্শী নেতৃত্ব অপরিহার্য। এ ধরনের প্রশিক্ষণ মাঠপর্যায়ে সেবার মানোন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে।
দুইদিনব্যাপী ব্যবস্থাপনা ও নেতৃত্ব উন্নয়ন বিষয়ক এই প্রশিক্ষণ কর্মশালার বিভিন্ন সেশনে সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণকারীদের মাঝে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
এসময় পরিচালক (সার্বিক) শাহিনুর রহমান ব্যবস্থাপনার মৌলিক ধারণা, ধাপ, উদ্দেশ্য, কার্যাবলী, গুরুত্ব ও বিভিন্ন স্তর নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পরিচালক (কার্যক্রম) আবু জাফর মাতুব্বর মাঠপর্যায়ে কর্মীদের দক্ষতা বৃদ্ধি, নেতৃত্বের গুরুত্ব, আদর্শ নেতার গুণাবলী, নেতৃত্ব ও ব্যবস্থাপনার পার্থক্য, পাশাপাশি পরিকল্পনা ও বাজেট প্রণয়ন বিষয়ে দিকনির্দেশনা দেন। পরিচালক (অর্থ) শাহাদাৎ হোসেন উন্নয়ন সংস্থায় আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হিসাব ব্যবস্থাপনার মৌলিক বিষয়গুলো তুলে ধরেন।
অন্যদিকে, প্রশিক্ষণে আরও আলোচনা করেন প্রশিক্ষণ সমন্বয়কারী মনছুর আলী, যিনি একজন দক্ষ ব্যবস্থাপকের করণীয়-বর্জনীয়, নেতৃত্বের ধরন এবং কর্মীদের উদ্বুদ্ধ করার কৌশল নিয়ে আলোকপাত করেন। ডিজিটাল ব্যবস্থাপনা জোরদারে এমআইএস সমন্বয়কারী কামরুজ্জামান সফটওয়্যার ব্যবহারের গুরুত্ব তুলে ধরেন।
এছাড়া এমআইএস কর্মকর্তা শরিফুল ইসলাম হিসাব সংক্রান্ত নথিপত্র সংরক্ষণ, যাচাই ও সঠিক রক্ষণাবেক্ষণের পদ্ধতি সম্পর্কে আলোচনা করেন।
দুইদিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালা সঞ্চালনা করেন সমাধানের প্রশিক্ষণ সমন্বয়কারী মনছুর আলী।
উল্লেখ্য, এই প্রশিক্ষণে অংশগ্রহণকারী শাখা ব্যবস্থাপকরা তাদের পেশাগত দক্ষতা ও নেতৃত্বগুণ উন্নয়নের সুযোগ পান। সংশ্লিষ্টদের মতে, এ ধরনের প্রশিক্ষণ উদ্যোগ সংস্থার কার্যক্রমকে আরও দক্ষ, গতিশীল ও সেবামুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।