রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে প্রথম: কেশবপুরের বাচ্চু রহমানের অনন্য সাফল্য কেশবপুরে স্কুলছাত্রীর মৃত্যুকে ঘিরে ব্ল্যাকমেইল ও নির্যাতনের অভিযোগ, তদন্তের দাবি কেশবপুরে যাত্রা শুরু করছে ‘ট্রাস্ট হেলথ সেন্টার’ ডেভলপমেন্ট সেক্টরে কর্মী ধরে রাখা এখন বড় চ্যালেঞ্জ: ড. মেহেদী হাসান চারুপীঠ একাডেমি: সংস্কৃতি চর্চার এক উজ্জ্বল ঠিকানা সংস্কৃতি পরিষদের ফলাফলে কেশবপুরে শীর্ষে চারুপীঠ একাডেমি কেশবপুরে এক নারীসহ ১১ আসামি গ্রেফতার কলারোয়ায় পূবালী ব্যাংকের তিনদিনব্যাপী ‘ক্যাশলেস কলারোয়া’ ক্যাম্পেইন শুরু মোটরসাইকেলের অগ্রিম আয়কর প্রত্যাহারের দাবিতে যশোরে মানববন্ধন মানবিক সহায়তায় স্বনির্ভরতার লক্ষ্য: রাজধানীতে ‘NGO-MFI রিসোর্সড পুলড ফান্ড’-এর যাত্রা শুরু

চারুপীঠ একাডেমি: সংস্কৃতি চর্চার এক উজ্জ্বল ঠিকানা

কাওছার হোসেন || দৈনিক জনশ্রুতি / ৬৬ বার পঠিত
প্রকাশিত : রবিবার, ১৪ জুন, ২০২৬, ১১:৪০ অপরাহ্ণ

কাওছার হোসেন, দৈনিক জনশ্রুতি: যশোরের কেশবপুরে সুস্থ সাংস্কৃতিক চর্চা ও সৃজনশীল প্রজন্ম গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে চারুপীঠ একাডেমি। সরকারি পৃষ্ঠপোষকতা ছাড়াই প্রতিষ্ঠানের নিরলস প্রচেষ্টায় উপজেলার শিশু-কিশোরদের মধ্যে শিল্প, সাহিত্য ও সংস্কৃতির প্রতি আগ্রহ বৃদ্ধি পেয়েছে। স্থানীয়দের কাছে প্রতিষ্ঠানটি এখন সংস্কৃতি চর্চার অন্যতম বাতিঘর হিসেবে পরিচিত।

২০১২ সালে সাংস্কৃতিক কর্মী উৎপল দে’র উদ্যোগে মাত্র ১২ জন শিক্ষার্থী নিয়ে একটি ভাড়াকৃত কক্ষে চারুপীঠের যাত্রা শুরু হয়। শুরুতে এটি চারুপীঠ আর্ট স্কুল নামে পরিচিত থাকলেও পরবর্তীতে এর কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে চারুপীঠ একাডেমিতে রূপান্তরিত হয়।

বর্তমানে একাডেমির আটটি শাখায় প্রতি সপ্তাহের শুক্রবার ও শনিবার মোট ৪৩২ জন শিক্ষার্থী চিত্রাঙ্কন, সংগীত, নৃত্য, কবিতা আবৃত্তি, সুন্দর হাতের লেখা, মার্শাল আর্ট, কেরাত, গিটার ও তবলা শিক্ষা গ্রহণ করছে। প্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন ১৪ জন প্রশিক্ষক।

শুধু সাংস্কৃতিক শিক্ষা নয়, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডেও প্রতিষ্ঠানটির সক্রিয় অংশগ্রহণ রয়েছে। শীতবস্ত্র বিতরণ, খাদ্যসামগ্রী প্রদান, বিনামূল্যে অক্সিজেন সেবা, বৃক্ষরোপণ কর্মসূচি এবং প্রাণী সংরক্ষণমূলক উদ্যোগসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে চারুপীঠ একাডেমি।

প্রতিবছর প্রতিষ্ঠানটির উদ্যোগে চিত্রাঙ্কন উৎসব, পহেলা বৈশাখ উদযাপন, রবীন্দ্র ও নজরুল জন্মজয়ন্তী, ফল উৎসবসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসব কার্যক্রম শিশু-কিশোরদের সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

একাডেমির শিক্ষার্থীরা উপজেলা, জেলা, বিভাগীয় এবং জাতীয় পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতায় নিয়মিত সাফল্য অর্জন করছে। ২০২৫ সালের সংস্কৃতি পরিষদের বোর্ড পরীক্ষার ফলাফলে চারুপীঠ একাডেমি কেশবপুর উপজেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করে। ওই পরীক্ষায় প্রতিষ্ঠানটির ১১১ জন শিক্ষার্থী জিপিএ-৫ লাভ করে উল্লেখযোগ্য কৃতিত্ব দেখায়।

সাংস্কৃতিক ও সামাজিক ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ খুলনা বঙ্গকথা সামাজিক সংগঠন, খেলাঘর আসর, কালভেরী ব্যাপ্টিস্ট চার্চ, ডা. হাসনাত ফাউন্ডেশন, এমএসডব্লিউ এবং বাংলাদেশ দলিত মঞ্চসহ বিভিন্ন প্রতিষ্ঠান চারুপীঠ একাডেমিকে সম্মাননা প্রদান করেছে।

একাডেমির পরিচালক উৎপল দে বলেন, “ছাত্রজীবন থেকেই শিশুদের নিয়ে কাজ করার স্বপ্ন ছিল। সেই স্বপ্ন থেকেই চারুপীঠের যাত্রা শুরু। বর্তমানে নিজস্ব জমিতে একটি ক্যাম্পাস গড়ে তোলা হয়েছে। তবে আরও উন্নয়ন ও সম্প্রসারণের জন্য সকলের সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা প্রয়োজন।”

চারুপীঠ একাডেমির সভাপতি, লেখক ও সহকারী অধ্যাপক তাপস মজুমদার বলেন, “চারুপীঠ কেশবপুরে শিল্প, সাহিত্য ও সংস্কৃতির বিকাশে নিরলসভাবে কাজ করছে। আমাদের লক্ষ্য নতুন প্রজন্মের সৃজনশীল প্রতিভাকে বিকশিত করা এবং দেশীয় সংস্কৃতির ধারাকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া।”

সুস্থ সাংস্কৃতিক পরিবেশ গড়ে তোলা এবং শিশু-কিশোরদের মেধা ও মননের বিকাশে চারুপীঠ একাডেমির অবদান ইতোমধ্যে কেশবপুরের গণ্ডি পেরিয়ে বৃহত্তর পরিসরেও প্রশংসিত হচ্ছে।


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর