কেশবপুর (যশোর) প্রতিনিধিঃ যশোর জেলার কেশবপুর উপজেলায় ইউনিয়ন পরিষদ উন্নয়ন তহবিলের অর্থায়নে বৃহস্পতিবার (২৫ মে) উন্নয়নধীন ১১টি ইউনিয়নের অসহায় ও দুস্থদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন এর সভাপতিত্বে উপজেলা পরিষদের হলরুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকার ভোগীদের হাতে সেলাই মেশিন তুলে দেওয়াসহ সকলের উদ্দেশ্যে মূল্যবান বক্তব্য রাখেন যশোর জেলা প্রশাসক মোঃ তমিজুল ইসলাম খান।
এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নারী উন্নয়নে ব্যাপক অগ্রগতি হয়েছে। আর এ কারণেই বর্তমানে সরকারের সর্বোচ্চ থেকে সব পর্যায়ে নারীরা সফলতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। সেই সঙ্গে নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং সব ক্ষেত্রে তাদের অংশগ্রহণের সুযোগ আরও প্রসারিত করার লক্ষ্যে বর্তমান সরকার নানামুখী উদ্যোগ নিয়েছে। তারই ধারাবাহিকতায় ইউনিয়ন পরিষদ উন্নয়ন তহবিলের অর্থায়নে ১১০টি পরিবারে সেলাই মেশিন বিতরণ করা হলো। এতে আত্মকর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে তাদের উন্নয়ন ঘটবে বলে আশা করছি।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর জেলা উপ-পরিচালক (স্থানীয় সরকার) মোঃ রফিকুল হাসান, কেশবপুর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ আরিফুজ্জামান, কেশবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম, কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, ত্রিমোহনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আনিচুর রহমান, মঙ্গলকোট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের বিশ্বাস, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দিন আলা, পাঁজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন, সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা বাবু, হাসানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ তৌহিদুজ্জামান তৌহিদ প্রমুখ।