কাওছার হোসেন, দৈনিক জনশ্রুতিঃ যশোরের কেশবপুর উপজেলার অফিসপাড়া এলাকায় দিনের বেলায় একটি বহুতল ভবনে সংঘবদ্ধ চুরি-ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রায় ২০ ভরি স্বর্ণালঙ্কার, নগদ লক্ষাধিক টাকা, মূল্যবান সামগ্রী এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র লুট হয়েছে বলে অভিযোগ করেছে ক্ষতিগ্রস্ত পরিবার।
পরিবারের সদস্য আবুল কালাম জানান, অফিসপাড়া এলাকার চারতলা ভবনের তৃতীয় তলায় তিনি ও তাঁর স্ত্রী বসবাস করেন। ভবনের চতুর্থ তলায় থাকেন তাঁর বড় ছেলে, ঠিকাদার মোখলেছুর রহমান মুকুল। সম্প্রতি তিনি পরিবারসহ বিদেশ ভ্রমণে যাওয়ায় ফ্ল্যাটটি খালি ছিল।
সোমবার দুপুরে হালকা বৃষ্টির সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে কয়েকজন দুর্বৃত্ত চতুর্থ তলার ফ্ল্যাটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে আলমারি ভেঙে প্রায় ২০ ভরি স্বর্ণালঙ্কার, নগদ লক্ষাধিক টাকা, মূল্যবান মালামাল এবং প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।
আবুল কালাম আরও জানান, ঘটনার সময় তাঁর স্ত্রী বিষয়টি টের পেয়ে চিৎকার করলে দুর্বৃত্তরা তাকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে তিনি আহত হন। পরে তাঁকে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরিবারের দাবি, তাঁর হাতে গুরুতর আঘাত লেগেছে।
এ ঘটনার পর স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। বাসিন্দাদের অভিযোগ, দিনের বেলায় এমন দুঃসাহসিক ঘটনা এলাকায় নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। তারা দ্রুত ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকসানা খাতুন বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আশপাশের বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং সেগুলো বিশ্লেষণ করে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তিনি জানান, তদন্তের অগ্রগতি অব্যাহত রয়েছে এবং জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।