মেহরাব রহমান, খুলনা প্রতিনিধি: খুলনায় আদালত চত্বরে দেশীয় অস্ত্রসহ এক যুবককে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনীর টহল দল। সোমবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। আটককৃতকে পরবর্তীতে পুলিশের হেফাজতে হস্তান্তর করা হয়।
আটক যুবকের নাম মানিক হাওলাদার (৩২)। বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা সদর থানার সেকেন্ড অফিসার নান্নু মন্ডল।
পুলিশ জানায়, দুপুরে খুলনা সদর থানাধীন চিফ মেট্রোপলিটন আদালতের সামনে মুখোশধারী ৪-৫ জন সন্ত্রাসী মোটরসাইকেলে করে অস্ত্রসহ অবস্থান করছিল। খবর পেয়ে সেনাবাহিনীর টহল দল ঘটনাস্থলে পৌঁছে মানিক হাওলাদারকে আটক করে। এ সময় তার কাছ থেকে তিনটি চাপাতি ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
অপর সন্ত্রাসীরা দ্রুত মোটরসাইকেলে করে পালিয়ে যায়। আটক যুবককে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।