মেহরাব রহমান, খুলনা বিভাগীয় প্রতিনিধি: উত্তরা দিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাস এলাকায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন খুলনা জেলা হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক মুফতী আবদুল্লাহ ইয়াহইয়া।
মঙ্গলবার (২২ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তিনি এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহতদের দ্রুত আরোগ্য লাভের দোয়া করেন। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
মুফতী আবদুল্লাহ ইয়াহইয়া বলেন, “এ ধরনের দুর্ঘটনা গোটা জাতিকে শোকাহত করে তোলে। এই দুর্ঘটনায় যারা আহত হয়েছেন, তাদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাই।”
উল্লেখ্য, সোমবার রাজধানীর দিয়াবাড়ি এলাকায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান মাইলস্টোন কলেজ ক্যাম্পাসের কাছে বিধ্বস্ত হয়। ভয়াবহ এ দুর্ঘটনায় কয়েকজন বিমান কর্মকর্তা, শিক্ষার্থী ও সাধারণ মানুষ হতাহত হন, যা সারাদেশে গভীর উদ্বেগ ও শোকের ছায়া ফেলেছে।
খুলনা জেলা হেফাজতে ইসলামের পক্ষ থেকে এ ধরনের দুর্ঘটনা এড়াতে ভবিষ্যতে আরও সতর্কতা ও কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিও জানানো হয়েছে।