ঝিকরগাছা (যশোর): প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যাত হওয়ায় এসিড নিক্ষেপের ঘটনায় আলোচিত পলাতক আসামি জসীম (৪০) কে জেলের ছদ্মবেশে নাটকীয় অভিযানে গ্রেফতার করেছে ঝিকরগাছা থানা পুলিশ।
ভিকটিম এক বছর আগে স্বামীকে ডিভোর্স দিয়ে সন্তানসহ বাবার বাড়িতে বসবাস শুরু করেন। প্রতিবেশী হিসেবে থাকা জসীম তাকে বিয়ের প্রস্তাব দেয়, যা প্রত্যাখ্যাত হলে সে ক্ষিপ্ত হয়ে উঠে। একপর্যায়ে ৩ জুলাই রাতে পরিবারের পুরুষ সদস্যদের অনুপস্থিতিতে সে জানালা দিয়ে এসিড নিক্ষেপ করে। এতে ভিকটিম, তার মা ও ছোট ভাই দগ্ধ হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরদিন ভিকটিমের বাবা থানায় মামলা দায়ের করলে পুলিশ সুপার দ্রুত গ্রেফতার অভিযান পরিচালনার নির্দেশ দেন।
অবশেষে ১৭ জুলাই এসআই তাপসের নেতৃত্বে পুলিশ জেলের ছদ্মবেশে নড়াইলের একটি বিলে অভিযান চালায়। আসামি পানিতে ঝাঁপ দিলে এসআই তাপসও ঝাঁপিয়ে পড়ে ধস্তাধস্তির একপর্যায়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হন।
আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার দায় স্বীকার করেছে। পরবর্তীতে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।