নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের হৃদযন্ত্রে তিনটি গুরুতর ব্লক ধরা পড়েছে। আজ রাজধানীর একটি বিশেষায়িত হাসপাতালে এনজিওগ্রাম করার পর চিকিৎসকরা জরুরি বাইপাস সার্জারির সিদ্ধান্ত নেন।
দলের পক্ষ থেকে জানানো হয়, প্রখ্যাত কার্ডিওলজিস্ট ডা. মমিনুজ্জামানের তত্ত্বাবধানে এনজিওগ্রাম সম্পন্ন হয়। পরীক্ষায় হৃদপিণ্ডে তিনটি মেজর ব্লক শনাক্ত হয়, যেখানে এনজিওপ্লাস্টির পরিবর্তে বাইপাস সার্জারি অধিক উপযুক্ত ও নিরাপদ বলে মত দেন চিকিৎসকরা।
জানা যায়, গত ১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশে বক্তৃতার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ডা. শফিকুর রহমান। এরপর থেকেই তার চিকিৎসা ও পর্যবেক্ষণ চলছিল। এনজিওগ্রাম ছিল সেই ধারাবাহিক প্রক্রিয়ার অংশ।
আমীরের ব্যক্তিগত সহকারী মোহাম্মদ নজরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে তাকে বিদেশে চিকিৎসার বিষয়টি বিবেচনায় নেওয়া হলেও বর্তমানে দেশের অভিজ্ঞ চিকিৎসকদের পরামর্শেই সার্জারির প্রস্তুতি নেওয়া হচ্ছে। দলের পক্ষ থেকে তার দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীর দোয়া চাওয়া হয়েছে।