নিজস্ব প্রতিবেদক: বরিশাল আরআরএফে (রিজার্ভ পুলিশ ফোর্স) কর্মরত এক কনস্টেবলের স্ত্রীকে অনৈতিক প্রস্তাব ও বিয়ের আশ্বাস দেওয়ায় সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আফজাল হোসেনকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। বুধবার (৩০ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে জানানো হয়, পারিবারিক বিরোধে ওই নারী মৌখিক অভিযোগ নিয়ে আরআরএফ কমান্ড্যান্টের কাছে গেলে এএসপি আফজালের সঙ্গে তার দেখা হয়। এরপর বিভিন্ন সময় তিনি হোয়াটসঅ্যাপ মেসেজে বিরক্তিকর কথাবার্তা, অনৈতিক প্রস্তাব এবং অর্থের লোভ দেখিয়ে বিয়ের প্রস্তাব দেন। এমনকি, অভিযোগকারীকে স্বামীবিরোধী মামলা ও অভিযোগ দাখিলের কু-পরামর্শও দেন তিনি।
এএসপি আফজালের এ ধরনের অপেশাদার ও অনৈতিক আচরণ পুলিশ বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। এতে বলা হয়, এমন কর্মকাণ্ড ‘অসদাচরণ ও শাস্তিযোগ্য অপরাধ’ হিসেবে বিবেচিত হওয়ায় ২১ জুলাই থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন তিনি সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত থাকবেন এবং খোরপোষ ভাতা পাবেন।