মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কেশবপুর প্রেসক্লাবে দায়িত্ব হস্তান্তর, নতুন সদস্য হলেন ৩৭ জন এক হাতেই জীবনজয়ের লড়াই, স্নাতকোত্তর কল্লোলের জীবিকা এখন পথে পথে বেকারির পণ্য বিক্রি খুলনার রূপসায় ফখরুল হত্যা মামলার অন্যতম আসামি চট্টগ্রামে গ্রেপ্তার শ্রেণিকক্ষের সীমানা পেরিয়ে প্রকৃতির পাঠ, চুকনগর কলেজে সমাধানের বৃক্ষ বিতরণ সবুজ ভবিষ্যতের প্রত্যয়ে নূরানিয়া মাদরাসায় ‘সমাধান’-এর বৃক্ষ বিতরণ মোংলায় ৭৫ কেজি গাঁজাসহ চারজন গ্রেপ্তার গোপালগঞ্জে আন্তর্জাতিক মানব পাচার চক্রের সহযোগী রঞ্জন মন্ডল গ্রেফতার ত্রাণ নয়, মর্যাদার সঙ্গে সহায়তা: দৌলতপুরে ভিবিডির ‘১ টাকার বাজার’ কেশবপুরে দুই শিক্ষাপ্রতিষ্ঠানে সমাধানের ১৪৫টি গাছের চারা বিতরণ যশোরে MRA চাকরি মেলায় চাকরিপ্রার্থীদের উপচেপড়া ভিড়

গোপালগঞ্জে আন্তর্জাতিক মানব পাচার চক্রের সহযোগী রঞ্জন মন্ডল গ্রেফতার

দৈনিক জনশ্রুতি ডেস্ক : / ৩৪ বার পঠিত
প্রকাশিত : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ১১:০৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: গোপালগঞ্জের কাশিয়ানী থানার ওড়াকান্দি ইউনিয়নের গোপালপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে আন্তর্জাতিক মানব পাচার চক্রের মূলহোতা হিসেবে অভিযুক্ত বিশু মন্ডলের সহযোগী ও মানব পাচার মামলার পলাতক আসামি রঞ্জন মন্ডলকে (৫৫) গ্রেফতার করেছে এসআরবি-৬, গোপালগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল।

সোমবার (৫ অক্টোবর ২০২৬) রাত আনুমানিক ৭টা ২৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি ইউনিয়নের গোপালপুর বাজার সংলগ্ন গোলক রায়ের ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

অভিযানটি পরিচালনা করে এসআরবি-৬, সিপিসি সদর কোম্পানি (ভাটিয়াপাড়া ক্যাম্প)-এর একটি বিশেষ আভিযানিক দল।

মামলার এজাহার ও সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, রঞ্জন মন্ডল আন্তর্জাতিক মানব পাচার চক্রের মূলহোতা হিসেবে অভিযুক্ত বিশু মন্ডলের সহযোগী হিসেবে কাজ করতেন। ইতালিতে পাঠানোর প্রলোভন দেখিয়ে সবুজ মুন্সী নামে এক ব্যক্তির কাছ থেকে প্রথমে ১০ লাখ টাকা ও তার পাসপোর্ট নেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।

পরে ভুক্তভোগীকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লিবিয়ায় পাঠানো হয়। অভিযোগ অনুযায়ী, সেখানে তাকে বৈধ ভিসা না দিয়ে ভিক্ষাবৃত্তিতে বাধ্য করা হয়। একই সঙ্গে শারীরিক ও মানসিক নির্যাতনের পাশাপাশি মারধর করা এবং ভিডিও কলের মাধ্যমে পরিবারের সদস্যদের কাছে নির্যাতনের দৃশ্য দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করা হয়।

এভাবে বিভিন্ন সময়ে ভুক্তভোগীর পরিবারের কাছ থেকে ধাপে ধাপে মোট ৪৬ লাখ ৩০ হাজার টাকা ইসলামী ব্যাংকের মাধ্যমে নেওয়া হয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

পরবর্তীতে লিবিয়া পুলিশ সবুজ মুন্সীকে গ্রেফতার করে। পরে বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় তাকে বাংলাদেশে পাঠানো হয়।

এ ঘটনায় ভুক্তভোগীর ভাই বাহারুল ইসলাম সজিব বাদী হয়ে গোপালগঞ্জের মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ দমন ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেন। ট্রাইব্যুনালের নির্দেশে মুকসুদপুর থানায় আন্তর্জাতিক মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইনে বিশু মন্ডল, রঞ্জন মন্ডলসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা করা হয়।

অভিযানের পর গ্রেফতার রঞ্জন মন্ডলকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, মানব পাচারসহ বিভিন্ন অপরাধে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তাদের অভিযান অব্যাহত রয়েছে।


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর