দৈনিক জনশ্রুতি ডেস্ক: রাজধানীর দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে একজন নিহত ও শতাধিক আহত হয়েছেন। দুর্ঘটনার ঘটনায় সরকার আগামীকাল মঙ্গলবার (২২ জুলাই) একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, শোক দিবসে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। বিদেশে বাংলাদেশি মিশনেও একই ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি মসজিদসহ সব ধর্মীয় উপাসনালয়ে নিহত ও আহতদের জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।
সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ৬ মিনিটে তেজগাঁও পুরোনো বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই বিমানটি উত্তরার মাইলস্টোন স্কুলের হায়দার আলী ভবনের ওপর আছড়ে পড়ে। এতে ভবনে থাকা বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন।
ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। উদ্ধারকাজে হেলিকপ্টার ও তিন প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। আহতদের মধ্যে অনেককে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল ও জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বিমান দুর্ঘটনার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।