নিজস্ব প্রতিবেদক: বাগেরহাটের মোংলায় ৭৫ কেজি গাঁজাসহ চারজনকে গ্রেপ্তার করেছে এসআরবি-৬, সদর কোম্পানির একটি আভিযানিক দল। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি যাত্রীবাহী বাস জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) রাত ১টা ২০ মিনিটের দিকে মোংলা উপজেলার চাঁদপাই ইউনিয়নের ব্রাহ্মণমাঠ এলাকার মোড়েলগঞ্জ-মোংলা সড়কে চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার ফুলহাতা এলাকার মিলন তালুকদারের ছেলে মো. ইব্রাহিম (২৩), রংপুরের বৈকুণ্ঠপুর এলাকার ওয়ারিসুল হকের ছেলে পারভেজ আহমেদ (২৫), বেলুবালারহাট এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে আমিনুর রহমান (৩২) এবং বৈকুণ্ঠপুর এলাকার লিজু মিয়ার ছেলে নূর আমিন (২৮)।
এসআরবি-৬ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণমাঠ এলাকায় মোড়েলগঞ্জ থেকে মোংলাগামী পাকা সড়কে চেকপোস্ট পরিচালনা করা হচ্ছিল। এ সময় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৭৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে মাদক পরিবহনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়।
অভিযানকারী দলের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ইব্রাহিমকে এর আগে গত ৬ জুলাই বাগেরহাটের রামপাল এলাকায় ১৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়েছিল। ওই ঘটনায় তাকে আদালতে সোপর্দ করা হয়। পরে জামিনে মুক্ত হয়ে তিনি পুনরায় মাদক কারবারে জড়িয়েছেন বলে দাবি করেছে অভিযানকারী দল।
এ ছাড়া গ্রেপ্তার পারভেজ আহমেদের বিরুদ্ধেও বিভিন্ন থানায় একাধিক মামলা বিচারাধীন রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
অভিযানে ৭৫ কেজি গাঁজার পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত যাত্রীবাহী বাসটি জব্দ করা হয়েছে। উদ্ধার করা মাদক ও জব্দ করা যানবাহনটি উপস্থিত সাক্ষীদের সামনে আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়।
এসআরবি-৬, সদর কোম্পানি জানিয়েছে, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় এ অভিযান চালানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের উদ্ধার করা মাদকসহ মোংলা থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।