কাওছার হোসেন: দেশের বর্তমান পরিস্থিতিতে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বজায় রাখতে বাংলাদেশ সেনাবাহিনী অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ে ধারাবাহিকভাবে অভিযান চালিয়ে যাচ্ছে। এর অংশ হিসেবে ০৪ ডিসেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত রাজধানীসহ বিভিন্ন জেলায় বেশ কয়েকটি যৌথ অভিযান পরিচালিত হয়।
অভিযানগুলোতে সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, মাদকাসক্ত, ডাকাত চক্রের সদস্য, কিশোর গ্যাং ও চোরাকারবারিসহ মোট ৩৩ জন সন্দেহভাজনকে আটক করা হয়েছে। অভিযানের সময় উদ্ধার করা হয়েছে ১০টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ১২ রাউন্ড গুলি, ১২টি ককটেল, বিভিন্ন ধরনের দেশী-বিদেশী মাদকদ্রব্য এবং ধারালো অস্ত্র।
আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সংশ্লিষ্ট থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে সামরিক সূত্র জানিয়েছে।
এছাড়া শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ পরিস্থিতিতেও সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে নিয়ন্ত্রণ ও নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করছে। জননিরাপত্তা নিশ্চিত করতে দেশের বিভিন্ন অঞ্চলে নিয়মিত টহল ও অভিযান অব্যাহত রয়েছে।
সেনাবাহিনীর পক্ষ থেকে সাধারণ জনগণকে আহ্বান জানানো হয়েছে—যে কোনো সন্দেহজনক কার্যকলাপ দেখলে নিকটস্থ সেনা ক্যাম্পে দ্রুত অবহিত করার জন্য।