মোঃ রেজাউল ইসলাম, বিশেষ সংবাদদাতাঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার শহীদ শামসুদ্দিন উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবদুল হক মাস্টার নিখোঁজ হওয়ার এক বছর পেরিয়ে গেলেও এখনো মেলেনি তার খোঁজ। বছরব্যাপী অনেক খোঁজাখুঁজি সত্ত্বেও তার সন্ধান পাননি সন্তানরা।
নিখোঁজ আবদুল হক মাস্টারের ছোট ছেলে মনিরুজ্জামান জানান, তার পিতা বাড়ির পাশের মসজিদে মাগরিবের নামাজ আদায় করেছিলেন। এরপর আর বাড়ি ফেরেননি তিনি। একজন অটোরিক্সা চালকের মারফতে তারা জানতে পারেন, মসজিদের কাছ থেকেই তিনি অটোরিক্সায় চড়ে বগারবাজার চৌরাস্তায় গিয়ে নেমেছিলেন। এরপর চৌরাস্তা থেকে ভালুকার উদ্দেশে বাসে চড়েন তিনি। বাবার একজন প্রাক্তন ছাত্র তাকে হাত ধরে বাসে উঠতে সহযোগিতাও করেছিলেন। এরপর থেকে বাবাকে আর খুঁজে পাওয়া যায়নি।
এছাড়া তিনি কোনরকম পারিবারিক বা মানসিক সংকটে ভুগছিলেন না বলেও পরিবারের সদস্যরা জানান। তাদের ধারণা, হয়তো কিছুটা বে-খেয়ালবশত কোথাও চলে গেছেন তিনি। পরিবার-প্রতিবেশী-আত্মীয় এবং কাছের-দূরের অনেকেই নানাভাবে খোঁজাখুঁজি করেছেন, কিন্তু আজও তার সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজের দিন তিনি লুঙ্গি ও সাদা পাঞ্জাবি পরিহিত ছিলেন। মনিরুজ্জামান জানান, কোনো সহৃদয় ব্যক্তি তার সন্ধান পেলে অনুগ্রহপূর্বক জানানোর জন্য অনুরোধ করছি। যোগাযোগের জন্য মোবাইল নাম্বার: ০১৭১৯-৬০১৪২১।
উল্লেখ্য, ২০২২ সালের ৪ মে নিজ বাড়ির সামনে অবস্থিত মসজিদে মাগরিবের নামাজ আদায়ের পর বের হয়ে নিখোঁজ হন আবদুল হক মাস্টার। সন্তানরা বলছেন, আবদুল হক মাস্টার এলাকায় অত্যন্ত পরিচিত মানুষ। প্রায় ৮৫ বছরের বার্ধক্যে উপনীত হলেও তিনি মোটামুটি চলাফেরা করতে সক্ষম ও সুস্থ জীবনযাপন করছিলেন।